রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়ায় দেশের অফিস, আদালত ও ব্যাংক আবার কর্মব্যস্ততায় ফিরছে। টানা সাত দিনের সরকারি ছুটির পর আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে সব সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পুনরায় খোলা হবে।
তবে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি থাকায় অনেক সরকারি ও বেসরকারি কর্মচারী ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন। এরপর ২৭ ও ২৮ মার্চ (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় এবার অনেকেই ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত মোট ১২ দিনের দীর্ঘ ছুটি ভোগ করছেন। এ কারণে অফিস-আদালতের কার্যক্রম পুরোদমে শুরু হতে এই সপ্তাহটি কেটে যাবে।
সাধারণত ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়া অনেকটা শান্ত থাকে। সহকর্মীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে বেশি ব্যস্ত থাকেন। ব্যাংকেও জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনের ভিড় খুব বেশি থাকে না।
এদিকে সংবাদপত্র কর্মীদের জন্য নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছিল। সেই ছুটি শেষ হওয়ায় মঙ্গলবার থেকে সংবাদমাধ্যমগুলোও আবার সরব হয়ে উঠবে।
রিপোর্টার্স২৪/ঝুম