সিনিয়র রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর অভিশংসনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ বিষয়ে সরকার কোনো ধরনের ‘নয়-ছয়’ করলে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে ঢাকার জাতীয় ঈদগাহ ময়দান-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পাটওয়ারী অভিযোগ করে বলেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে এবং দ্রুত তাকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করা জরুরি। এ বিষয়ে সরকার বিলম্ব বা ‘নয়-ছয়’ করলে তাদের আন্দোলনে যেতে বাধ্য হতে হবে বলে জানান তিনি।
একই সঙ্গে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা সালাউদ্দিন আহমদ-এর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন। পাটওয়ারীর দাবি, রাজনৈতিক ঘটনাপ্রবাহের নির্দিষ্ট সময়ে বিএনপির ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল।
এক সাংবাদিকের প্রশ্নের জাবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদকে শুধুই,‘ সালাউদ্দীন’ বলে সম্বোধন করেন।
বিগত আন্দোলনে নিহতদের স্মরণ করে তিনি বলেন, অনেক শহীদকে নিয়ে আজ ঈদের নামাজ আদায় করার কথা ছিল। যারা আহত ও নিহত হয়েছেন, তাদের বিচার নিশ্চিত করতে হবে। বিশেষ করে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তিনি।
এ সময় তিনি ঢাকা-৮ আসন-এর ভোটারসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং নির্বাচনে সমর্থন দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রিপোর্টার্স২৪/এসসি