সিনিয়র রিপোর্টার: গত এক মাসে (রমজান) দেশের বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেছেন, সম্মিলিত প্রচেষ্টায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা সম্ভব হয়েছে।
শনিবার সকালে সিলেট নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দান-এ ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার। বৈশ্বিক বাজারে নানা চাপ থাকলেও দেশের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য রাখা এবং জীবনযাপন সহনীয় রাখা সরকারের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, এ লক্ষ্য অর্জনে প্রয়োজন হলে সরকারের সব ধরনের যন্ত্র ও ব্যবস্থা ব্যবহার করা হবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য করা হবে না।
একই ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে অনেক প্রবাসী বাংলাদেশি নানা সমস্যার মধ্যে রয়েছেন। কেউ নিহত হয়েছেন, কেউ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, আবার কেউ গৃহবন্দি অবস্থায় আছেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
রিপোর্টার্স২৪/এসসি