ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ১৫ থেকে ২০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
শনিবার (২১ মার্চ) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে সংঘর্ষ চলে। দুই পক্ষ ঢাল, সরকি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপীনাথপুর গ্রামের ইসমাইল মুন্সি ও চুন্নু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গত বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হন।এরই ধারাবাহিকতায় ঈদের নামাজ শেষে শনিবার আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি