রিপোর্টার্স২৪ ডেস্ক: ঈদ সামনে রেখে কয়েকদিনের তীব্র যাত্রীচাপের পর রাজধানীর নৌপথে এখন কিছুটা স্বস্তি ফিরেছে। এ পরিস্থিতিতে ঈদ শেষে কর্মস্থলমুখী মানুষের ফিরতি যাত্রার প্রস্তুতি এখন থেকেই শুরু হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আজকেই ঘরমুখো যাত্রীদের শেষ দিনের চাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এরপর থেকে শুরু হবে কর্মস্থলমুখী যাত্রীদের ঢল সামাল দেওয়ার প্রস্তুতি।
তিনি জানান, বরিশাল, চাঁদপুর, ইলিশা, পটুয়াখালী ও হাতিয়াসহ বিভিন্ন নৌরুটে যাত্রীদের নিরাপদে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। নিয়মিত সময়সূচির পাশাপাশি বিশেষ শিডিউলেও লঞ্চ চলাচল করছে, যেখানে ধারণক্ষমতা পূরণ হলেই লঞ্চ ছেড়ে দেওয়া হয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতিটি লঞ্চের ধারণক্ষমতা তার ফিটনেস সনদ অনুযায়ী নির্ধারিত থাকে এবং তা দৃশ্যমানভাবে উল্লেখ করা হয়। কোনো লঞ্চে ফ্যান না চলা, দেরিতে ছেড়ে যাওয়া বা অন্য অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এআই-নির্ভর ভুয়া ভিডিও নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এসব বিভ্রান্তিকর কন্টেন্ট মানুষের মধ্যে অযথা আতঙ্ক সৃষ্টি করছে। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি গণমাধ্যমকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সম্প্রতি সদরঘাটে ঘটে যাওয়া দুর্ঘটনার বিষয়ে তিনি জানান, নিহতের পরিবার মামলা করার সিদ্ধান্ত নিয়েছে এবং নিখোঁজদের সন্ধানে ডুবুরিদের তৎপরতা অব্যাহত রয়েছে।
নৌ প্রতিমন্ত্রীর দাবি, এবার ঈদযাত্রায় বড় ধরনের কোনো অনিয়ম ছাড়াই ঘরমুখো মানুষের যাতায়াত নিশ্চিত করা গেছে, এখন লক্ষ্য নিরাপদে ফিরতি যাত্রা সম্পন্ন করা।
রিপোর্টার্স২৪/ঝুম