| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদকে ঘিরে বাজারে ঊর্ধ্বগতি, গরুর মাংস ৮৫০ টাকা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ১৯:৩২:২২:অপরাহ্ন  |  ৪৮০৩৯১ বার পঠিত
ঈদকে ঘিরে বাজারে ঊর্ধ্বগতি, গরুর মাংস ৮৫০ টাকা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জ নগরীর বাজার গুলোতে মাংসের দাম ঊর্ধ্বগতি। নগরীর অন্যতম বৃহৎ বাজার দ্বিগু বাবুর বাজারে গরুর মাংসের দাম বেড়ে প্রতি কেজি ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। যা দুই দিন আগেও ৭৫০ থেকে ৮০০ টাকার মধ্যে ছিল। অর্থাৎ স্বল্প সময়ের ব্যবধানে কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে।

বাজার ঘুরে দেখা যায়, গরুর মাংসের পাশাপাশি অন্যান্য মাংস ও মুরগির দামও বেড়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৩০ টাকা কেজি, দেশি মোরগ (কক) ৩৯০ টাকা, লেয়ার লাল ৩৪০ টাকা এবং সোনালি মুরগি ৩৮০ থেকে ৪২০ টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংসের দাম রয়েছে ১২০০ থেকে ১৪০০ টাকার মধ্যে।

বিক্রেতাদের দাবি, কোরবানির পশুর হাটে গরুর দাম বেড়ে যাওয়ায় তাদের বেশি দামে গরু কিনতে হচ্ছে। ফলে বাধ্য হয়ে মাংসের দামও বাড়াতে হয়েছে। তবে গরু কেনার খরচ কতটা বেড়েছে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো হিসাব দিতে পারেননি তারা। অনেক বিক্রেতাই দামের বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অনাগ্রহ দেখান।

এদিকে দামের এই ঊর্ধ্বগতিতে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। জামাল উদ্দিন নামে এক ক্রেতা বলেন, ঈদের জন্য মাংস কিনতে এসে দেখি দাম অনেক বেশি। ৮৫০ টাকা কেজি মাংস আমাদের মতো সাধারণ মানুষের জন্য অনেক কঠিন। মাংস কিনলে অন্য জিনিস কেনা সম্ভব হচ্ছে না।

বাজারে দেখা যায়, অনেক ক্রেতাই দোকানে এসে দাম শুনে ফিরে যাচ্ছেন। কথা বলতে চাইলে তারা জানান, বর্তমান দামে মাংস কেনা তাদের নাগালের বাইরে।

ক্রেতাদের অভিযোগ, প্রতি বছর ঈদ এলেই গরুর মাংসের দাম অযৌক্তিকভাবে বেড়ে যায়। এতে তারা আগের মতো পরিমাণে মাংস কিনতে পারছেন না, যা ঈদের আনন্দেও প্রভাব ফেলছে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪