| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত রাঙ্গামাটি

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ১৬:১৮:১৪:অপরাহ্ন  |  ৪৫১১১১ বার পঠিত
ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত রাঙ্গামাটি

রাঙ্গামাটি প্রতিনিধি: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পর্যটকদের বরণে প্রস্তুত হ্রদ-পাহাড়ঘেরা “রূপের রানি” খ্যাত পার্বত্য জেলা রাঙ্গামাটি। ঈদের দীর্ঘ ছুটিকে সামনে রেখে জেলার পর্যটনকেন্দ্রগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতোমধ্যে হোটেল, মোটেল ও রিসোর্টগুলোর অধিকাংশ কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে।

সরেজমিনে দেখা গেছে, জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে চলছে সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ। এরই অংশ হিসেবে প্রতীকী স্থাপনা ঝুলন্ত সেতু নতুন করে রং করা হয়েছে। পাশাপাশি পর্যটন হলিডে কমপ্লেক্স, পলওয়েল পার্ক ও বিভিন্ন রিসোর্টেও উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে।

হোটেল মালিক সমিতির সভাপতি মোস্তফা কামাল বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও রমজান মাসের কারণে পর্যটক আগমন কম ছিল। তবে ঈদের ছুটিকে ঘিরে ইতোমধ্যে বুকিং বেড়েছে। অনেক হোটেলের অধিকাংশ কক্ষ ইতোমধ্যে বুকিং হয়েছে, ঈদের আগেই শতভাগ পূর্ণ হওয়ার আশা করছেন তিনি।

পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, পর্যটকদের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং কক্ষ বুকিং আশানুরূপ হারে বাড়ছে। ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ কক্ষ বুকিং হয়ে গেছে। আমরা আশা করছি, এ বছর রেকর্ড সংখ্যক পর্যটকের সমাগম ঘটবে এবং আমাদের প্রত্যাশা অনুযায়ী কাঙ্ক্ষিত রেভিনিউ অর্জন করতে পারব।

পলওয়েল পার্কের সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন বলেন, ঈদ উপলক্ষে পার্কে বিভিন্ন সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে নতুন একটি লাভ পয়েন্ট স্থাপন করা হয়েছে।

এদিকে, জনপ্রিয় পর্যটন গন্তব্য সাজেক ভ্যালিতেও পর্যটকের চাপ বাড়ছে। সেখানে থাকা রিসোর্ট ও কটেজগুলোর প্রায় সবই অগ্রিম বুকিং হয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটিতে রাঙ্গামাটি ও সাজেক মিলিয়ে এবার রেকর্ডসংখ্যক পর্যটকের সমাগম ঘটতে পারে।

সব মিলিয়ে, দীর্ঘ ঈদ ছুটিতে রাঙ্গামাটি যেন আবারও পরিণত হতে যাচ্ছে পর্যটকদের এক প্রাণবন্ত মিলনমেলায়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪