| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় ঈদগাহে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ১৩:৫০:০৫:অপরাহ্ন  |  ৪৭০৪৭৬ বার পঠিত
জাতীয় ঈদগাহে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঈদুল ফিতরের প্রধান জামাতকে সামনে রেখে জাতীয় ঈদগাহে নিরাপত্তা কোনো ভাবেই শঙ্কাজনক নয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদগাহ পরিদর্শনের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

ভারপ্রাপ্ত কমিশনারের মতে, জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন প্রায় ৩৫ হাজার মুসল্লি। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এ পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়ার অনুকূলে না থাকলে প্রধান জামাতের ভেন্যু পরিবর্তন হতে পারে।

ঢাকায় মোট ১২১টি ঈদগাহ এবং ১,৫৯৯টি মসজিদে ১,৭৭১টি জামাত আয়োজন করা হবে। আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি, সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগের দিন তিনটি ঈদ জামাত এবং শিয়া সম্প্রদায়ের আটটি জামাতও অনুষ্ঠিত হয়েছে।

নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা নিয়ে কমিশনার জানান, জাতীয় ঈদগাহে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রবেশ গেটে থাকবে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর, পুরো ময়দান ও আশপাশ সিসিটিভি দিয়ে মনিটর করা হবে। মৎস্য ভবন, প্রেসক্লাব ও শিক্ষা ভবন এলাকায় গাড়ির প্রবেশ নিষিদ্ধ করতে ব্যারিকেড বসানো হবে। বায়তুল মোকাররম এলাকায়ও কঠোর নিরাপত্তা থাকবে।

ডাইভারশন ব্যবস্থা নিয়েও তিনি বলেন, জাতীয় ঈদগাহকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ এলাকায় যানবাহনের প্রবেশ সীমিত থাকবে। তবে মুসল্লিরা এসব এলাকা দিয়ে পায়ে হেঁটে আসতে পারবেন। ডাইভারশন দেওয়া হবে। জিরোপয়েন্ট ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতাল, হাইকোর্ট ক্রসিং, প্রেসক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয় পেছনের গলি, পল্টন ক্রসিং, পুলিশ কন্ট্রোল রুম এবং মৎস্য ভবন ক্রসিংয়ে।

গাড়ি পার্কিংয়ের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়েছে। গণপূর্ত ভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, জিরোপয়েন্ট ও পল্টন ক্রসিং-এর রাস্তার দুই পাশে, দোয়েল চত্বরের দক্ষিণ পাশে, ফজলুল হক মুসলিম হল-আনন্দবাজার ক্রসিং পর্যন্ত, মৎস্য ভবনের পূর্ব পাশে কার্পেট গলি রোডে এবং মৎস্য ভবন থেকে শাহবাগ ক্রসিং পর্যন্ত রাস্তার উভয় পাশে। সরকারি কর্মকর্তা, বিশেষ ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের গাড়ি গণপূর্ত ভবনের ভেতরে থাকবে।

ডিএমপির কমিশনার মো. সরওয়ার সকল মুসল্লিকে নিরাপত্তা এবং তল্লাশিতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। ঈদগাহে ব্যাগ, ধারালো বস্তু বা দাহ্য পদার্থ আনা যাবে না। তবে জায়নামাজ ও মোবাইল ফোন সঙ্গে নেওয়া যাবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪