ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার চন্ডীপুর এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মো. ইউসুফ আলী শেখ (৪৫) নামে এক তরমুজ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকালে ফরিদপুর-ঢাকা-মাগুরা মহাসড়কের শিবরামপুরের চন্ডীপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইউসুফ আলী শেখ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকার বাসিন্দা জবেদ আলী শেখের ছেলে। তিনি মৌসুমী ফলের ব্যবসায়ী ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোরে ফরিদপুর থেকে তরমুজ বোঝাই পিকআপভ্যান নিয়ে খানখানাপুরের উদ্দেশে রওনা দেন ইউসুফ আলী শেখ। পথে চন্ডীপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পিকআপভ্যানটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ইউসুফ আলী শেখের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পিকআপ চালক পালিয়ে যায়।
খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
করিমপুর হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি বা চালকের অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
তিনি বলেন, পলাতক চালককে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
রিপোর্টার্স২৪/মিতু