লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদরের পুরাতন গোডাউন রোডে ব্যবসায়ী আজমল হোসেন হেলালের নির্মাণাধীন মার্কেটের বাউন্ডারি গেটে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পৌর যুবদলের আহ্বায়ক মো. ফয়েজের বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে জেলা সদরের পুরাতন গোডাউন রোডে নির্মাণাধীন একটি মার্কেটে এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, মার্কেটের জমিতে যুবদল নেতার মালিকানা নেই। তিনি অপরপক্ষের ভাড়াটে হয়ে প্রায় ৭-৮ জন যুবক এনে মার্কেটের গেটে তালা লাগিয়ে দেন। জুয়েল লক্ষ্মীপুর পৌর যুবদলের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
জানা গেছে, আবদুল কাইয়ুম নামীয় এক ব্যক্তির সঙ্গে ব্যবসায়ী আজমল হোসেন হেলালের মার্কেটের জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। এ জমি নিয়ে যুগ্ম জেলা জজ ১ম আদালত, লক্ষ্মীপুরে দেওয়ানি ৭৩/২৫ নম্বর মামলা চলমান আছে। ইতিমধ্যে মার্কেটের কাজ বন্ধে আবদুল কাইয়ুম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় মিস ৭২/২৬ নম্বর মামলা দায়ের করেন। তদন্ত প্রতিবেদনে আবদুল কাইয়ুম তার মালিকানা জমির দখল পান। পরবর্তীতে শান্তিভঙ্গের আশঙ্কা না থাকায় ম্যাজিস্ট্রেট স্থিতাবস্থা প্রত্যাহারসহ দেওয়ানি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পক্ষগণ যে যে অবস্থায় আছেন, সেভাবে থাকতে আদেশ দেন। এর পর আদালতের আদেশ উপেক্ষা করে যুবদল নেতা ফয়েজ আবদুল কাইয়ুমের পক্ষ নিয়ে ঘটনার দিন ওই মার্কেটে তালা লাগিয়ে দেন।
এদিকে আদালত বন্ধ থাকায় এ ঘটনায় আজমল হোসেন হেলাল থানায় অভিযোগ করেন। তিনি জানান, পৌর যুবদল আহ্বায়ক ফয়েজ এ জমির মালিক নন। তিনি প্রতিপক্ষ কাইয়ুমের ভাড়াটে হয়ে তার ভাই সবুজসহ অজ্ঞাত লোক এনে তার মার্কেটের বাউন্ডারি গেটে তালা লাগিয়ে দেন।
যুবদল নেতা ফয়েজ জানান, মার্কেটের জমি আজমল হোসেন হেলালের নয়, অন্য পাশে রয়েছে তার জমি। তিনি বৈঠকে না বসিয়ে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।
লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি আবদুল আলীম হুমায়ুন জানান, যুবদল নেতা কর্তৃক মার্কেটের বাউন্ডারি গেটে তালা লাগিয়ে দেওয়ার ঘটনা তার জানা নেই। এ বিষয়ে তিনি খোঁজখবর নেবেন বলে জানান।
রিপোর্টার্স২৪/এসএন