| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৮, ২০২৬ ইং | ১১:০০:৪৮:পূর্বাহ্ন  |  ৪৬৫৮৮৩ বার পঠিত
সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

রিপোর্টার্স২৪ ডেস্ক: সৌদি আরবে মিসাইল হামলায় গুরুতর আহত হয়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার প্রবাসী যুবক আব্দুল্লাহ আল মামুন (৩৫)। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার জীবনাবসান ঘটে।

নিহত মামুন রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের বাসিন্দা এবং শহীদ সওদাগরের ছেলে। বুধবার (১৮ মার্চ) সকালে তার মৃত্যুর বিষয়টি পরিবার নিশ্চিত করেছে।

পরিবারের সদস্যরা জানান, গত ৮ মার্চ ইফতারের ঠিক আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে একটি শ্রমিক ক্যাম্পে হঠাৎ মিসাইল বিস্ফোরণ ঘটে। সে সময় আল তোয়াইক বলদিয়া কোম্পানির ওই ক্যাম্পে অবস্থান করছিলেন মামুন। বিস্ফোরণে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন।

গুরুতর অবস্থায় দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আল খারিজের একটি বিশেষায়িত হাসপাতালে নেওয়া হলে সেখানে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। দীর্ঘ সময় মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে তার মৃত্যু হয়।

স্বজনদের ভাষ্য, বিস্ফোরণে মামুনের শরীরের প্রায় ৭২ শতাংশ পুড়ে যায়, যা তার অবস্থাকে আরও সংকটাপন্ন করে তোলে। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের মামাতো ভাই জানান, চিকিৎসাধীন অবস্থায় ধীরে ধীরে তার অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তিনি আর ফিরে আসেননি। মামুনের পরিবারে রয়েছে স্ত্রী ও একটি সন্তান।

মামুনের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে নেমে আসে শোকের ছায়া। পরিবার ও স্বজনদের একটাই দাবি—দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে এনে দাফনের ব্যবস্থা করা হোক।

উল্লেখ্য, একই হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হন এবং কয়েকজন আহত হন, যা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪