কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও মানহানিকর পোস্ট শেয়ার করার অভিযোগে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (সিবিআইইউ) এক কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তা মুহাম্মদ ইউনুস বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারিকৃত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, মুহাম্মদ ইউনুস তার ব্যক্তিগত ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করেছেন, যা বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি ও শৃঙ্খলার পরিপন্থী।
এতে আরও উল্লেখ করা হয়, একজন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা হিসেবে এ ধরনের উস্কানিমূলক বা রাজনৈতিকভাবে সংবেদনশীল কর্মকাণ্ড প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। এ কারণে তাকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছে।
একই সঙ্গে আগামী সাত কার্যদিবসের মধ্যে কেন তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না—এ মর্মে লিখিত ব্যাখ্যা রেজিস্ট্রার দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লায়ন মুজিবুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ছবি ও স্ট্যাটাস তার নজরে আসার পরপরই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী হয়ে সরকারের একজন মন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের অশালীন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।