ফরিদপুর প্রতিনিধি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি বলেছেন, মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার সিংহপ্রতাপ গ্রামের গট্টি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “দীর্ঘ সময়ের রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই।”
শামা ওবায়েদ ইসলাম বলেন, “আপনাদের সমর্থন ও সহযোগিতার মাধ্যমেই আমি নির্বাচিত হয়েছি। সংসদে গিয়ে আমি সবসময় এলাকার মানুষের কথা চিন্তা করি। সালথা ও নগরকান্দার মানুষই আমার শক্তি।”
তিনি আরও বলেন, “দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করতে চাই। আমার বাবা কেএম ওবায়দুর রহমান যেমন সবার সেবা করেছেন, আমিও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।”
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, “দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এখন ঝগড়া-বিবাদ নয়, কাজ করার সময়। এমন কাজ করতে হবে, যাতে এলাকার মানুষ ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারে।”
প্রবাসীদের প্রসঙ্গে তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কূটনৈতিকভাবে কাজ করে যাচ্ছে। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক প্রবাসী কষ্টে আছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।”
তিনি আরও বলেন, “আমাদের অঞ্চলের অনেক মানুষ মধ্যপ্রাচ্যে কর্মরত। কূটনীতি ও পররাষ্ট্রনীতির মাধ্যমে আমরা চেষ্টা করছি, তারা যেন নিরাপদে থাকতে পারেন এবং প্রয়োজনে সুস্থভাবে দেশে ফিরতে পারেন। একই সঙ্গে আমরা চাই যুদ্ধ পরিস্থিতির দ্রুত অবসান হোক, কারণ এই বৈশ্বিক সমস্যার সমাধান কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সম্ভব।”
গট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি মো. শাহিন মাতুব্বর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর প্রমুখ।
রিপোর্টার্স২৪/এসএন