নোয়াখালী প্রতিনিধি: ঢাকার সদরঘাট থেকে নোয়াখালীর হাতিয়ায় যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী লঞ্চ এমবি সুগন্ধা ডুবোচরে একটি ডুবোচরে(বগার চর)আটকে গেছে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন লঞ্চের ভেতরে থাকা ৭০ থেকে ৮০ জন যাত্রী।
মঙ্গলবার (১৭ মার্চ) ভোর ৪টার দিকে লক্ষ্মীপুরের মেঘনার মজু চৌধুরীর ঘাটের পূর্ব-দক্ষিণ দিকে এ ঘটনা ঘটে। বিকাল সাড়ে ৫টা পর্যন্ত লঞ্চটি নদীতে নামানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন যাত্রীরা।
যাত্রীরা জানান, ‘মঙ্গলবার ভোর ৪টার দিকে লঞ্চটি লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাটের পূর্ব-দক্ষিণের মেঘনা নদী অতিক্রমকালে হঠাৎ প্রচণ্ড বেগে ঝড় শুরু হয়। এ সময় লঞ্চের মাস্টার ঝোড়ো বাতাসের কারণে লঞ্চের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে লঞ্চটি নদীর ডুবোচরে উঠে পলির সঙ্গে আটকে যায়। লঞ্চ ডুবোচরে আটকে যাওয়ার পর ভেতরে থাকা নারী-শিশুসহ যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে কান্নাকাটি শুরু করেন।’
দুপুরে নদীতে জোয়ার এলেও তা পর্যাপ্ত না হওয়ায় লঞ্চটি নদীতে নামানো সম্ভব হয়নি। এর ফলে বিকাল ৫টা পর্যন্ত তারা সেখানে আটকা পড়ে ছিলেন। বিষয়টি হাতিয়ার কোস্টগার্ডকে জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে হাতিয়া কোস্টগার্ডের মিডিয়া বিভাগের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনারের (ভূমি) মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি তারা।
নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে হাতিয়া উপজেলা প্রশাসন, কোস্টগার্ড ও পুলিশের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নিতে বলেছি তাদের।’
রিপোর্টার্স২৪/এসএন