| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভিজিএফ কার্ডে না পেয়ে ইউপি সদস্যের বাড়িতে বিএনপি নেতার হামলা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৭, ২০২৬ ইং | ১৭:০২:৪৯:অপরাহ্ন  |  ৪৯৮৬৫২ বার পঠিত
ভিজিএফ কার্ডে না পেয়ে ইউপি সদস্যের বাড়িতে বিএনপি নেতার হামলা

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতিদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কার্ড বণ্টনকে কেন্দ্র করে এক ইউপি সদস্যের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। একই সঙ্গে ওই ইউপি সদস্যকে ধরে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণার অভিযোগও রয়েছে।

ঘটনাটি পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঘাগড়া গ্রামে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর সাধারণ মানুষ ও প্রকৃত দুস্থদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

ভুক্তভোগী আব্দুল হাই ওই ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি। অভিযুক্ত কাইয়ুম একই ওয়ার্ড বিএনপির সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, ৬ নম্বর ওয়ার্ডে ৩৬৫টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ১৯০টি কার্ড দাবি করে আব্দুল হাইয়ের ওপর চাপ সৃষ্টি করেন কাইয়ুম। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কাইয়ুম মোবাইল ফোনে ইউপি সদস্যকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।

পরে ২০-৩০ জনকে সঙ্গে নিয়ে অস্ত্রসহ আব্দুল হাইয়ের বাড়িতে হামলা চালানো হয় বলে জানা গেছে। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

এলাকাবাসীর অভিযোগ, ভিজিএফ কার্ড বণ্টনে আগে গোপনে অনিয়ম হলেও এখন তা প্রকাশ্যেই হচ্ছে। ফলে প্রকৃত দরিদ্ররা বঞ্চিত হওয়ার আশঙ্কা বাড়ছে। সরকারি নীতিমালায় স্বচ্ছতার নির্দেশনা থাকলেও বাস্তবে এখনও ‘ভাগ-বাটোয়ারা’ প্রথা চালু রয়েছে বলে তারা দাবি করেন।

আব্দুল হাই বলেন, তিনি সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী ভিজিএফ চাল বিতরণ করছিলেন। কিন্তু তাকে হুমকি দেওয়া হয় এবং তার বাড়িতে হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযুক্ত কাইয়ুমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “এলাকার মানুষ যা বলছে, তা সঠিক নয়।”

চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামছু উদ্দিন বলেন, তিনি ঘটনার বিষয়ে অবগত আছেন। তবে ইউপি সদস্য তার কাছে এ বিষয়ে কোনো অভিযোগ করেননি।

কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, আসন্ন ঈদ উপলক্ষে চন্ডিপাশা ইউনিয়নে মোট ৩ হাজার ৭৮২ জন কার্ডধারীর মধ্যে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। তবে এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। সচেতন মহলের মতে, প্রশাসনের কঠোর নজরদারি না থাকলে সরকারের এ সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাবে না।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪