নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকালে নড়িয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে উপজেলার ১৪৬টি অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ৪ হাজার টাকা করে মোট ৫ লাখ ৮৪ হাজার টাকা বিতরণ করা হয়।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মো. সফিকুর রহমান (কিরণ)।
এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া, উপজেলা বিএনপির সভাপতি শামছুল আলম দাদন মুন্সী, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সরকার সবসময় অসহায় মানুষের পাশে রয়েছে। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি উপস্থিত সকলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করার আহ্বান জানান।
সহায়তা পাওয়া এক উপকারভোগী বলেন, ঈদের আগে এই অর্থ পেয়ে আমরা খুবই আনন্দিত। এতে পরিবারের জন্য প্রয়োজনীয় কেনাকাটা করতে পারবো। সরকারের এই সহায়তা আমাদের জন্য অনেক উপকার হয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু