| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৬, ২০২৬ ইং | ২০:১৩:১৯:অপরাহ্ন  |  ৪৭২৫১৭ বার পঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন উপাচার্য হিসেবে জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকানের নাম ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১৬ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নামও ঘোষণা করেন শিক্ষামন্ত্রী।

অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগ থেকে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর ১৯৯৩ সালে একই বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০০৬ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন।

তিনি যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডিকা ধানের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টা ও এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিলে তেলবীজের গুণগত মান উন্নয়ন বিষয়ে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ডেভিসে ভিজিটিং প্রফেসর ও গবেষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০০৪ সালে তাঁর উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ প্রতিষ্ঠিত হয়, যা বর্তমানে দেশের অন্যতম সেরা বিজ্ঞানভিত্তিক বিভাগ হিসেবে স্বীকৃত। তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত Functional Genomics and Proteomics Laboratory (FGPL) এবং আধুনিক সুবিধাসম্পন্ন ক্লাইমেট কন্ট্রোলড গ্রিনহাউস গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করেছে।

করোনাকালে তিনি কোভিড-১৯ শনাক্তকরণ কার্যক্রমের সমন্বয়কের দায়িত্ব পালন করেন এবং তাঁর ল্যাব ও গবেষক দলের মাধ্যমে এক লক্ষেরও বেশি নমুনা পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

৩১ বছরের শিক্ষকতা ও গবেষণা জীবনে তাঁর ৫১টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে (h-index ১২)। তিনি দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য জার্নালের সম্পাদকীয় বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের USDA, শিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০টিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে অনুদান পেয়েছেন।

গবেষণা-পরামর্শক হিসেবে তিনি বহু এমএস, এমফিল ও পোস্ট-ডক্টরাল গবেষককে তত্ত্বাবধান করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ক্ষেত্রেও বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪