নাটোর প্রতিনিধি: নাটোরে অন্যায়, সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না বলে কঠোর বার্তা দিয়েছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, “সন্ত্রাসী যে দলেরই হোক, পরিবারের সদস্যও ছাড় পাবে না।”
সোমবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় হুইপ দুলু এ মন্তব্য করেন। তিনি আরও জানান, “আজ থেকে আগামী পাঁচ বছর নাটোরে মাদক, জুয়া, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাস্তানিসহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। যত শক্তিশালী সন্ত্রাসী হোক না কেন, তাকে গ্রেফতার করতে হবে।”
সভায় জেলা প্রশাসক সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানসহ জেলার সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা।
জাতীয় সংসদ হুইপ নির্বাচিত হওয়ার পর এটি হুইপ এম রুহুল কুদ্দুস দুলুর প্রথম জেলা সফর।
রিপোর্টার্স২৪/এসএন