| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাহ্মণবাড়িয়ার ৪০০ খাল পুনরুদ্ধার করা হবে: প্রতিমন্ত্রী সাকি

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৬, ২০২৬ ইং | ১৯:০৪:২৫:অপরাহ্ন  |  ৪৮৮৮১৫ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার ৪০০ খাল পুনরুদ্ধার করা হবে: প্রতিমন্ত্রী সাকি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, দেশে হাজার হাজার খাল আছে, সেই খালগুলো খনন করা হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে ৪০০ খাল প্রশাসনের পক্ষ থেকে চিহ্নিত করা হয়েছে। এই খালগুলোকে আমরা পুনরুদ্ধার করতে চাই, সজীব করতে চাই।

সোমবার (১৬ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বোয়ালিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, নদী, নালা, খাল ও বিল আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাল খননের মাধ্যমে উৎপাদন ও বিনিয়োগ বাড়ানোর অর্থনৈতিক লক্ষ্য রয়েছে। একই সঙ্গে প্রাণ-প্রকৃতি সংরক্ষণের বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে। এই দুই দিককে একসঙ্গে রেখে উন্নয়ন ভাবনার যে দৃষ্টিভঙ্গি সরকারের রয়েছে, তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, আমাদের উৎপাদন ও বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টির জন্যও অত্যাবশ্যকীয়। যারা নদী-নালাকে দখল করছে, দূষণ করছে- এগুলো দ্রুত পরিবর্তন করতে হবে, দখলমুক্ত করতে হবে। এগুলোকে সজীব করে তুলতে হবে, যাতে করে আমাদের জীবনটাও সজীব হয়ে ওঠে, অর্থনীতিও সজীব হয়ে ওঠে।

বোয়ালিয়া খালটির দৈর্ঘ্য ৬ কিলোমিটার। খালটি দুদিকেই তিতাস নদীতে মিশেছে। ইতোপূর্বে খালের ৪ কিলোমিটার খনন করা হয়। সোমবার খালের বাকি ২ কিলোমিটার ও আরেকটি শাখা খালের ১ দশমিক ৮০ কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩১ লাখ টাকা। পুনঃখনন কাজ বাস্তবায়ন করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী আজম প্রমুখ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪