বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সাতবাড়িয়া খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার সাতবাড়িয়া মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) পরিচালিত “দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন” কর্মসূচির আওতায় এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মো. মশিউর রহমান খান ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। এছাড়া জেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাতবাড়িয়া খাল পুনঃখনন কাজ সম্পন্ন হলে এলাকার কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা কমে আসবে। পাশাপাশি সেচ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে খাল পুনঃখনন কাজ শেষ হলে কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. গোলাম মোস্তফা বাতেন।
রিপোর্টার্স২৪/এসএন