রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়-এর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বর্তমানে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সেখান থেকে তাকে সরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
অন্যদিকে দেশের উচ্চশিক্ষা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-এর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ।
সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মন্ত্রী জানান, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করতে অভিজ্ঞ শিক্ষাবিদদের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক মামুন আহমেদের দায়িত্ব গ্রহণের মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।
সরকার মনে করছে, এই দুই অভিজ্ঞ শিক্ষাবিদের নেতৃত্বে দেশের উচ্চশিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন ও নতুন উদ্যোগ বাস্তবায়নের পথ সুগম হবে।
রিপোর্টার্স২৪/ ঝুম