খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীতে দুর্বৃত্তের গুলিতে রাশিকুল আনাম রাশু (৩৬) নামে এক সাবেক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দৌলতপুর থানার কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রাশিকুল আনাম রাশু দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে তিনি থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হন। তার বাবা শরিফুল আনাম দৌলতপুর থানা বিএনপির একজন নেতা। পরিবারের সঙ্গে তিনি দৌলতপুর থানার দেয়ানা এলাকায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, রাজনীতির পাশাপাশি রাশু কেডিএ কল্পতরু মার্কেটের পাশে ইট-বালুর ব্যবসা করতেন। সোমবার সকালে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দোকানে থাকা অবস্থায় দুর্বৃত্তরা রাশুকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে একটি গুলি তার মাথায় এবং আরেকটি শরীরে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে কয়েকটি গুলির খোসা ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
উল্লেখ্য, গত আড়াই মাসে খুলনা মহানগরীতে অন্তত আটটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন পাঁচজন।
রিপোর্টার্স২৪/এসসি