রিপোর্টার্স২৪ ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচিতে কোনো দল-মত হবে না। এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের কৃষিতে নতুন বিপ্লব ঘটবে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশকে খাদ্যশস্যে পরিপূর্ণ করেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা আবার দেশকে স্বয়ংসম্পূর্ণ খাদ্য উৎপাদনের দিকে এগিয়ে নেব।
সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় ফরিদপুরের মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক স্কুল মাঠে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মধ্যেই আমরা ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচি কার্যকর করতে পেরেছি। দেশের প্রতিটি নির্বাচনী এলাকায় সবাই সমান সুবিধা পাবেন, ভোট দিয়েছেন বা দেননি তা গুরুত্বপূর্ণ নয়। তিনি আরও বলেন, সরকার দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ বাংলাদেশ চাই। ইতিমধ্যে মসজিদের ইমাম, মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মীদের মাসিক সম্মানিও নিশ্চিত করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইসা, ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আবু জাহের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। সকাল সাড়ে দশটায় লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক স্কুল মাঠে উদ্বোধনী সভা সম্পন্ন হয়।
রিপোর্টার্স২৪/ ঝুম