বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরে প্রিমিয়াম খাদ্যপণ্যের নতুন সমাহার নিয়ে যাত্রা শুরু করেছে ঐতিহ্যবাহী খাদ্য প্রতিষ্ঠান আকবরিয়া লিমিটেড-এর নতুন আউটলেট “আকবরিয়া বেস্ট চয়েস”।
রোববার বিকেলে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথাস্থ জেলা পরিষদ ডাক বাংলো সংলগ্ন আকবরিয়া বেস্ট চয়েস এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলালের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ নাজমুল হুদা পপন।
সভাপতির বক্তব্যে আকবরিয়া লি এর চেয়ারম্যান হাসান আলী আলাল বলেন, “আকবরিয়া বেস্ট চয়েস” শপে আকবরিয়ার সকল ধরনের প্রিমিয়াম খাদ্যপণ্য পাওয়া যাবে। গ্রাহকদের প্রতিদিনের প্রয়োজনীয় খাবারকে আরও সহজ, স্বাস্থ্যসম্মত ও নির্ভরযোগ্য করে তুলতেই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মানসম্মত পণ্য ও উন্নত সেবার মাধ্যমে ক্রেতাদের আস্থা অর্জনের লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করেছে নতুন এই আউটলেট।
নতুন এই প্রিমিয়াম শপে দই, মিষ্টি, কনফেকশনারি, বেকারি আইটেম, ফাস্ট ফুড, স্ন্যাকসসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য পাওয়া যাচ্ছে। পাশাপাশি আকবরিয়ার নিজস্ব উৎপাদিত নানা জনপ্রিয় আইটেমও এখানে পাওয়া যাবে। ফলে এলাকার বাসিন্দারা এখন সহজেই আকবরিয়ার মানসম্মত ও স্বাস্থ্যসম্মত খাবার সংগ্রহ করতে পারবেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হোসেন আলী দুলাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার, আকবরিয়া লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক আরমান খোসাইন, পরিচালক শাহ নূর ইসলাম, আশিক ইবনে হাসান, আবিদ হোসেন, ফারদিন হোসেন, সিএফও হারুন অর রশিদ, সিনিয়র এডমিন অফিসার আখেনুর ইসলাম রাসেল, আব্দুল মোমিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
রিপোর্টার্স২৪/ ঝুম