রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর শেষে কর্মস্থলে ফিরতে আগ্রহী যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। এর ধারাবাহিকতায় আজ সোমবার (১৬ মার্চ) বিক্রি হচ্ছে আগামী ২৬ মার্চের আন্তঃনগর ট্রেনের টিকিট।
ঈদকে কেন্দ্র করে যাত্রীদের চাপ সামাল দিতে এবারও সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় রেখে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
আজ সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের জন্য। অন্যদিকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।
রাজধানীর রেল ভবনে সম্প্রতি আয়োজিত ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে ২৩ মার্চের টিকিট ১৩ মার্চ, ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ এবং ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ বিক্রি করা হয়েছে।
পরবর্তী সূচি অনুযায়ী, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।
এছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের যাত্রার টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করা হবে। যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট ট্রেন ছাড়ার আগে সংশ্লিষ্ট প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রী ঈদযাত্রার জন্য একবারেই সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে এ সময় কেনা কোনো টিকিট ফেরত দেওয়া বা রিফান্ডের সুযোগ থাকবে না।
রিপোর্টার্স২৪/ ঝুম