রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের পানি ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনে বৃহৎ উদ্যোগের অংশ হিসেবে আজ সোমবার (১৬ মার্চ) দেশের ৫৪ জেলায় একযোগে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই কর্মসূচি।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, কর্মসূচির প্রথম ধাপে আগামী ছয় মাসের মধ্যে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার নদী, নালা ও খাল পুনঃখননের কাজ সম্পন্ন করা হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় আগামী পাঁচ বছরের মধ্যে সারাদেশে মোট ২০ হাজার কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্ধারিত সফরসূচি অনুযায়ী, তিনি সোমবার সকাল সোয়া ১০টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের উদ্দেশে রওনা হবেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে সাহাপাড়া খালে আনুষ্ঠানিকভাবে খননকাজের উদ্বোধন করবেন। এই উদ্বোধনের সঙ্গে সঙ্গেই দেশের বাকি ৫৩টি স্থানেও একযোগে কার্যক্রম শুরু হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে এলাকার দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ছাগল বিতরণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পাশাপাশি সেখানে আয়োজিত জনসভায় বক্তব্যও দেবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, বিকেল সাড়ে তিনটার দিকে দিনাজপুর উপশহর এলাকার ফরিদপুর কবরস্থানে গিয়ে নিজের নানা-নানি, খালা ও অন্যান্য নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর বিকেল পাঁচটায় শহরের গোর-এ-শহিদ বড় ময়দানে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেবেন এবং সেখানে ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেবেন।
দিনাজপুরের বিভিন্ন কর্মসূচি শেষ করে সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
রিপোর্টার্স২৪/ ঝুম