নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরে মারধরের শিকার হয়েছেন ইউনিফর্ম পরা রেলওয়ে পুলিশের (জিআরপি) এক উপপরিদর্শক (এসআই) ও তার সঙ্গে থাকা এক কনস্টেবল। তবে ঘটনাকে ঘিরে স্থানীয়দের অভিযোগ ও পুলিশের বক্তব্যে দেখা দিয়েছে ভিন্নতা।
রোববার (১৪ মার্চ) বিকেল প্রায় পাঁচটার দিকে নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় ঢাকা–নারায়ণগঞ্জ রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।
পুলিশ জানায়, মারধরের শিকার এসআই মিজানুর রহমান এবং কনস্টেবল মো. আরিফ নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশের পোশাক পরা এসআই এবং টি-শার্ট পরা কনস্টেবলকে কয়েকজন যুবক ঘিরে মারধর করছেন।
ভিডিওতে রমজান নামে এক যুবক নিজেকে একটি হোসিয়ারি কারখানার কর্মী পরিচয় দিয়ে দাবি করেন, তিনি ও তার আরেক পরিচিত ব্যক্তি ঈদের কেনাকাটা করতে যাওয়ার সময় ওই পুলিশ সদস্য ও তাদের সোর্স (ইনফরমার) তাদের রাস্তায় থামিয়ে তল্লাশি করেন।
রমজানের দাবি, “আমাদের কাছে কিছুই পাওয়া যায়নি। তারপরও হ্যান্ডকাফ পরিয়ে গাড়িতে তোলার চেষ্টা করা হয়। তখন স্থানীয় থান কাপড়ের দোকানের কয়েকজন আমাদের ঠেকিয়ে রাখে।”
তবে পুলিশের পক্ষ থেকে ভিন্ন দাবি করা হয়েছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, রেললাইনে নিয়মিত টহলের সময় জিআরপি পুলিশ গাঁজাসহ দু’জনকে আটক করে নিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি হামলা চালিয়ে ওই দুই পুলিশ সদস্যকে বেধড়ক মারধর করেন।
তিনি আরও জানান, জিআরপি পুলিশের সদস্যদের কাছে অস্ত্র থাকে না। ফলে তারা হামলার সময় প্রতিরোধ করতে পারেননি।
এ ঘটনায় আহত এসআই মিজানুর রহমান ও কনস্টেবল মো. আরিফ বর্তমানে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসএন