ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সভাপতি ও জননন্দিত নেতা অ্যাডভোকেট এম. এ. মজিদ।
তৃণমূল থেকে উঠে আসা এই প্রবীণ রাজনীতিকের ওপর আস্থা রাখায় জেলাবাসী ও দলীয় নেতা-কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে স্বচ্ছ ভাবমূর্তি ও সাধারণ মানুষের সাথে নিবিড় সম্পর্কের পুরস্কার হিসেবেই এই নিয়োগকে দেখছেন সবাই।
আব্দুল মজিদের দায়িত্ব প্রাপ্তিতে ঝিনাইদহের বিভিন্ন উপজেলা থেকে আসা মানুষ তাকে অভিনন্দন জানাতে ভিড় করেন। এলাকাবাসীর পক্ষ থেকে শুভ কামনা জানানো হয়েছে। স্থানীয়দের মতে, তিনি জেলার উন্নয়নের রূপকার হিসেবে কাজ করবেন।তার নেতৃত্বে জেলা পরিষদের স্থবিরতা কাটবে এবং স্বচ্ছতা নিশ্চিত হবে। সাধারণ মানুষের দোর গোড়ায় সেবা পৌঁছে দিতে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন।
আব্দুল মজিদ জানান, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে ঝিনাইদহ জেলার সার্বিক উন্নয়ন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠাই হবে তার প্রধান লক্ষ্য। তিনি জেলা পরিষদকে একটি জনকল্যাণমুখী ও দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সাধারণ জনগণ বলেন, আব্দুল মজিদ ভাই আমাদের আপদ-বিপদের সাথী। তার এই নিয়োগ ঝিনাইদহবাসীর জন্য বড় প্রাপ্তি। আমরা আশা করি তার হাত ধরে জেলার প্রতিটি কোণায় উন্নয়নের ছোঁয়া লাগবে। ঝিনাইদহের রাজনৈতিক অঙ্গন এবং সুশীল সমাজ মনে করছে, আব্দুল মজিদের অভিজ্ঞ নেতৃত্ব জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতির সঞ্চার করবে।
রিপোর্টার্স২৪/মিতু