| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জ্বালানি তেল সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ১৮:৫২:০৬:অপরাহ্ন  |  ৪৭৯৮২৭ বার পঠিত
জ্বালানি তেল সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে জ্বালানি তেলের তীব্র সংকটের কারণে কাপ্তাই হ্রদে যাত্রীবাহী স্পিডবোট চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার (১৫ মার্চ) সকাল থেকে স্পিডবোট বন্ধ থাকায় নৌপথে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি অব্যাহত থাকলে যাত্রীবাহী লঞ্চ চলাচলও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রাঙ্গামাটি জেলা শহরের সঙ্গে বাঘাইছড়ি, লংগদু, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলায় নৌপথই প্রধান যোগাযোগ মাধ্যম। এসব রুটে সাধারণত কাঠের তৈরি দোতলা লঞ্চ ও স্পিডবোট চলাচল করে। যাত্রীদের দ্রুত যাতায়াতের জন্য অধিকাংশই স্পিডবোট ব্যবহার করে থাকেন।

ফিসারিঘাটে দেখা যায়, স্পিডবোট চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রী ঘাটে এসে ফিরে যাচ্ছেন। স্পিডবোটের লাইনম্যান মো. মহিউদ্দিন বলেন, শনিবার থেকে প্রয়োজনীয় অকটেন পাওয়া যাচ্ছে না। রোববার সকাল থেকে কোনো স্পিডবোট ছাড়তে পারেননি। ফিলিং স্টেশন থেকে সোমবার তেল এলে প্রায় ২০০ লিটার দেওয়া হবে, যা দিয়ে অন্তত পাঁচটি স্পিডবোট চলাচল করতে পারবে।

রাঙ্গামাটি অভ্যন্তরীণ লঞ্চমালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিম জানান, বর্তমানে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ পাচ্ছেন না। প্রতিদিন প্রায় ১২০০–১৩০০ লিটার তেলের প্রয়োজন হয়, যা দিয়ে প্রায় ৪০টি লঞ্চ চলাচল করে। ঈদের আগেই তেলের সংকট চলতে থাকলে লঞ্চ চলাচলও বন্ধ হতে পারে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তেল সরবরাহে সাময়িক সমস্যার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, জ্বালানি তেলের সংকট নিরসনে প্রশাসন কাজ করছে। খুচরা পর্যায়ে তেল সরবরাহে সমস্যা থাকায় কিছুটা সংকট তৈরি হয়েছে। লঞ্চ, স্পিডবোট ও পর্যটকবাহী নৌযান যাতে চলাচল করতে পারে, সে জন্য ফিলিং স্টেশনগুলোতে তেল বরাদ্দ রাখার ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি তেল মজুতের অভিযোগ তদন্তে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪