| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে অভিনব শাস্তি

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ১৭:০৮:১৩:অপরাহ্ন  |  ৫১৩৫০২ বার পঠিত
বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে অভিনব শাস্তি

নোয়াখালী প্রতিনিধি: মায়ের গায়ে হাত তোলা এবং খাবার না দেওয়ার মতো জঘন্য অপরাধের শাস্তিস্বরূপ এক যুবকের গলায় পানির কলস ঝুলিয়ে পুরো বাজার ঘোরানোর ঘটনা ঘটেছে। আধুনিক বিচারব্যবস্থার বাইরে গিয়ে স্থানীয়দের দেওয়া এই ‘সামাজিক বিচার’ এলাকায় মানুষের মধ্যে চাঞ্চল্য ও কৌতূহল সৃষ্টি করেছে।

রোববার সকালে সেনবাগ উপজেলা-র ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহমান হাতে বেত নিয়ে প্রকাশ্যে ওই শাস্তি দেন।

অভিযুক্ত যুবকের নাম মোহাম্মদ সহিদ। তিনি একই ইউনিয়নের চিলাদি গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পেশায় তিনি দিনমজুর।

জানা গেছে, অভিযুক্ত ওই ব্যক্তি বাড়িতে ছাগলের মাংস রান্না করলেও তার বৃদ্ধা মাকে খেতে দেননি। উল্টো মা যখন খাবারের জন্য অনুরোধ করেন, তখন তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় তার মা অভিযোগ করলে গত শনিবার রাতে গ্রাম পুলিশ (চৌকিদার) তাকে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। পরে রোববার সকালে তাকে এই শাস্তি দেওয়া হয়।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তির গলায় পানিভর্তি একটি কলস ঝুলিয়ে দেওয়া হয়। এরপর তাকে সেই কলসসহ পুরো বাজার ঘুরিয়ে আনা হয়। এ সময় তাকে দিয়ে উচ্চস্বরে বলানো হয়— “এই শাস্তি কিসের লাই? মারে মারার লাইগা!”

ভিডিওতে ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহমান উপস্থিত জনতাকে উদ্দেশ করে বলেন, “কোনো লোক যদি মাকে ভাত না দেয় বা মারধর করে, তবে তাকে পুলিশে দেওয়ার দরকার নেই। আমরা এখানেই বিচার করব। এই লোক এখন গোটা বাজারে হাঁটবে আর চিৎকার করে নিজের অপরাধ স্বীকার করবে।”

স্থানীয়রা জানান, জেল-হাজতের চেয়ে এই ধরনের সামাজিক লজ্জা অনেক সময় বেশি কার্যকর হয়। তাদের মতে, এই ঘটনা দেখে সমাজের অন্য অবাধ্য সন্তানরা সতর্ক হবে এবং বৃদ্ধ বাবা-মায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে শিখবে।

তবে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ মায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে এই তাৎক্ষণিক ও ব্যতিক্রমী বিচারের প্রশংসা করলেও অনেকেই এর সমালোচনা করেছেন। তাদের মতে, এ ধরনের প্রকাশ্য শাস্তি না দিয়ে আইনের মাধ্যমে বিচার করা হলে তা বেশি উপযুক্ত হতো, কারণ অভিযুক্ত ব্যক্তিরও পরিবার ও সংসার রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪