নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। রোববার (১৫ মার্চ) সকাল থেকে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।
উপজেলার কোলা, আধাইপুর, বালুভরা-সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদে এই চাল বিতরণ করা হচ্ছে। কোলা ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন এবং আধাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম রেজাউল করিম পল্টনের পাশাপাশি নিজ নিজ ইউনিয়নের চেয়ারম্যান ও দায়িত্বে থাকা ট্যাগ অফিসারদের উপস্থিতিতে এই চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ঈদুল ফিতর উপলক্ষে এই চাল বিতরণ করা হলেও তা সকল ধর্মাবলম্বী মানুষের মাঝে দেওয়া হচ্ছে। ভিজিএফের এই ১০ কেজি চাল নিতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ খুশি মনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চাল গ্রহণ করছেন।
বিভিন্ন ইউনিয়নের সুবিধাভোগীরা জানান, সরকারের এ ধরনের সহায়তা দরিদ্র ও অসহায় মানুষের ঈদের আনন্দকে কিছুটা হলেও বাড়িয়ে দেয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সরকার অসহায় ও দরিদ্র পরিবারগুলোর জন্য এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সুবিধাভোগী পরিবারগুলোর মাঝে ভিজিএফের চাল সুষ্ঠুভাবে বিতরণ করা হয়।
রিপোর্টার্স২৪/এসএন