ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত কৃষকদল নেতা তরু মুন্সীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রোববার দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, কৃষকদল নেতা তরু মুন্সীর হত্যাকারীদের মধ্যে কয়েকজন আসামি গ্রেপ্তার হলেও বাকি আসামিদের এখনো গ্রেপ্তার করা হয়নি। আসামিরা হত্যার ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। নেতৃবৃন্দ অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নুসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শুক্রবার সকালে সদর উপজেলার মাধবপুর গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর মহিলা শাখার পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়। দুপুরে ইফতারের আয়োজনকে কেন্দ্র করে নারী কর্মীদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মহিলা কর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়।
এদের মধ্যে কৃষকদল নেতা তরু মুন্সীর অবস্থা গুরুতর হলে তাকে ঢাকায় রেফার করা হয়। সেখানে রাত ৮টার দিকে তিনি মারা যান। নিহত তরু মুন্সী গান্না ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন