চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি তাদের শিশুসন্তানকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় নগরের পতেঙ্গা থানার ৪১ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারী হালিমা আক্তার রুহি (৩০)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সোনাপুর এলাকার আব্দুল মান্নানের মেয়ে। তার স্বামী জহিরুল ইসলাম পেশায় লেগুনাচালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র বাগবিতণ্ডায় রূপ নেয়। এ সময় জহিরুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী হালিমা আক্তার রুহির ওপর হামলা চালান। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর জহিরুল ইসলাম তাদের শিশুসন্তানকে নিয়ে সরাসরি পতেঙ্গা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক এর মর্গে পাঠায়।
পতেঙ্গা থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত ব্যক্তি থানায় এসে আত্মসমর্পণ করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হঠাৎ ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটির বিস্তারিত তদন্ত শুরু করেছে।
রিপোর্টার্স২৪/বাবি