কুমিল্লা প্রতিনিধি: কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি নিয়োগ ও দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে সততা ও দক্ষতার ওপর জোর দিচ্ছেন। তিনি বলেন, আমি সততা চাই, কারণ বাংলাদেশের ১৮ কোটি মানুষ সৎ নেতৃত্ব প্রত্যাশা করে।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা নগরীর টুলিপাড়া ফান টাউনে মানবকল্যাণে নিবেদিত সংগঠন ‘বিবেক’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশে মানুষের হাতে এসেছে পরিবর্তনের সুযোগ। জনগণের ভোটে গঠিত বিএনপি সরকার পরিচালনায় সৎ ও দক্ষ নেতৃত্ব অপরিহার্য। তিনি কুমিল্লার ভৌগোলিক, অর্থনৈতিক, শিক্ষা ও যোগাযোগ ক্ষেত্রে গুরুত্বের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, জেলা উন্নয়নের জন্য যোগ্য প্রশাসক ও ভবিষ্যতের মেয়রের প্রয়োজন।
নবনিযুক্ত কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর প্রশংসা করে মন্ত্রী বলেন, ইউসুফ মোল্লা টিপুর মতো একজন মানুষ কুমিল্লায় জন্মগ্রহণ করেছেন, এটি আমাদের জন্য গর্বের বিষয়।
এসময় কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাক্ষণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও নাগরিক সমাজের মানুষ উপস্থিত ছিলেন।