ধ্রুব চৌধুরী: বাংলা ভাষা-সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কবি সমর চক্রবর্তীর ৫৪তম জন্মদিন আজ। পেশায় একজন সাংবাদিক। কবিতার পাশাপাশি তিনি গল্প,প্রবন্ধ,নিবন্ধ,গান সমানভাবে লিখে চলেছেন।
কবির জন্ম ১৯৭৩ সালের ১৫ মার্চ, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না গ্রামে। পিতা কালীপদ চক্রবর্তী ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মা নিলীমা চক্রবর্তী গৃহিণী। তিন ভাই-বোনের মধ্যে তিনি জ্যেষ্ঠ।( সনদ অনুযায়ী তাঁর নাম সমরেন্দ্র নাথ চক্রবর্ত্তী)
সমর চক্রবর্তী চতুর্থ শ্রেণিতে পড়া অবস্থায় ‘নাটিকা’লিখে ক্লাস রুমেই সহপাঠীদের নিয়ে অভিনয় করেন,তারপর থেকেই লিখতে থাকেন গল্প, কবিতা, ছড়া ইত্যাদি।
সমর চক্রবর্তী এ পর্যন্ত ১২ টি মৌলিক গ্রন্থ উপহার দিয়েছেন। প্রথম কবিতা প্রকাশ হয় নবম শ্রেণিতে পড়া অবস্থায়; প্রকাশিত কবিতার সংখ্যা প্রায় তিন হাজার। তাঁর অধিক পঠিত বইগুলো দিগন্তের স্বপ্নারোহী, আদিম অশ্বের পিঠে, নক্ষত্র মরে মরে গ্রহ হয়ে যায়, কঙ্কালে কুরচি ফুল, অন্ধকার ডানার মানুষ, সমর চক্রবর্তীর কবিতা, বঙ্গ নগরীর বাউল আকাশ, রঙিন স্বপ্নের বাসিন্দারা(গল্প গ্রন্থ)। তাঁর লেখা ভূষণা রাজ্যের ইতিহাস গ্রন্থটি আঞ্চলিক ইতিহাস গ্রন্থের তালিকায় একটা মাইল ফলক।
বাংলায় স্নাতকোত্তর এই কবি খ্যাতি অর্জন করেছেন নিজের সৃজনশীল ও মৌলিক সাহিত্য কর্মের মাধ্যমে। চাকরি, উচ্চপদস্থ পদ বা সরকারি/ অসরকারি সুযোগের প্রলোভন তিনি বারবার ত্যাগ করেছেন,শুধু কবিতার জন্য।
সমর চক্রবর্তীর কবিতা ইংরেজিসহ প্রায় দুইশ’ কবিতা বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে । ১৯৯১ সালে মফঃস্বল সাংবাদিকতা দিয়ে জীবন শুরু করলেও ১৯৯৭ সাল থেকে কাজ করেছেন,দৈনিক আজকের কাগজ,রোববার,দৈনিক বাংলা ৭১,উত্তরাধিকার নিউজ, জবাবদিহি, দৈনিক আমাদের নতুন সময়,আমাদের অর্থনীতিসহ আরও কয়েকটি জাতীয় দৈনিকের গুরুত্বপূর্ণ পদে। বর্তমানে তিনি জনপ্রিয় নিউজপোর্টাল রিপোর্টার্স২৪-এর প্রধান বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্পাদনা করছেন লিটল ম্যাগ শিল্পভূমি ও কথাশিল্প।