| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে এ দেশে বিএনপি থাকতে পারবে না’

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৪, ২০২৬ ইং | ২৩:০২:০৭:অপরাহ্ন  |  ৫০৬৮৫৭ বার পঠিত
‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে এ দেশে বিএনপি থাকতে পারবে না’
ছবির ক্যাপশন: সংগৃহীত

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমেদ হানজালার একটি বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এক ইফতার মাহফিলে বিএনপিকে উদ্দেশ করে দেওয়া তাঁর বক্তব্যের একটি ভিডিও ইতিমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, তিনি (বিএনপি প্রার্থী) বলেছেন, বিএনপিকে নিয়ে খোঁচাখুঁচি করবেন না। আরে আমি হানজালা বিএনপিকে খোঁচাখুঁচি করলে এ দেশে বিএনপি থাকতে পারবে না।

গত শুক্রবার শিবচর উপজেলার বাহাদুরপুর মাঠে কুয়েত রিলিফ সোসাইটির তত্ত্বাবধানে ও বাংলাদেশ উন্নয়ন সমিতির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওই রাতেই বক্তব্যের ভিডিওটি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা হলে তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রায় ৪ মিনিট ২২ সেকেন্ডের ভিডিওতে সংসদ সদস্য হানজালাকে বলতে শোনা যায়, তিনি শিবচরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চান এবং প্রতিহিংসার রাজনীতি দেখতে চান না। তিনি বলেন, আমি শান্তি চাই। আমি শিবচরের প্রত্যেক মানুষকে নিয়ে কাজ করতে চাই। আমার চুপ করে থাকা দুর্বলতা নয়।

তিনি আরও বলেন, আপনারা শিবচর উপজেলা নিয়ে রাজনীতি করেন, হানজালা রাজনীতি করে পুরো বাংলাদেশ নিয়ে। আপনারা ক্লাব বা মাঠে চিৎকার করবেন, হানজালা চিৎকার করবে বাংলাদেশের পার্লামেন্টে।

বক্তব্যে তিনি দাবি করেন, তাঁর জায়গায় অন্য কেউ সংসদ সদস্য হলে বিরোধী পক্ষের লোকজনকে হয়তো এলাকায় থাকতে দেওয়া হতো না। তবে তিনি শিবচরের মানুষকে বাক্‌স্বাধীনতা দিয়েছেন বলেও মন্তব্য করেন।

বক্তব্যটি নিয়ে আলোচনা শুরু হলে বিষয়টি ব্যাখ্যা করে সংসদ সদস্য হানজালা বলেন, তিনি মূলত শিবচর উপজেলা বিএনপিকে উদ্দেশ করে বক্তব্য দিয়েছেন। তাঁর ভাষ্য, ‘আমি শিবচরের নির্বাচিত সংসদ সদস্য। আমার লোকজন কারও সঙ্গে খারাপ আচরণ করেনি। কিন্তু বিএনপির কিছু লোক আমার কর্মীদের হুমকি দেয় এবং আমাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়। সেই প্রেক্ষাপটেই আমি ওই কথা বলেছি।

তিনি আরও দাবি করেন, তাঁর বক্তব্য কেটে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।এদিকে শিবচর উপজেলা বিএনপির সদস্যসচিব মোঃ সোহেল রানা

বলেন, বর্তমান এমপির বক্তব্য শিবচরের শান্ত পরিবেশকে উত্তপ্ত করার চেষ্টা। তিনি বলেন, ‘আমরা আশা করি তিনি তাঁর বক্তব্য প্রত্যাহার করবেন। এ বিষয়ে শিবচর উপজেলা বিএনপির পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হবে।’

উল্লেখ্য, এবারের নির্বাচনে সাইদ উদ্দিন আহমেদ হানজালা বাংলাদেশ খেলাফত মজলিশের ‘রিকশা’ প্রতীক নিয়ে নির্বাচন করে বিএনপির প্রার্থী নাদিরা চৌধুরীকে পরাজিত করেন। তিনি মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানে বিজয়ী হন, যা সারা দেশের মধ্যে সবচেয়ে কম ভোটের ব্যবধানের একটি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪