রাজবাড়ী প্রতিনিধি: প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, আমরা জনগণের জন্য একটি সর্বজনীন অর্থনীতি গড়ে তুলতে চাই। বিশেষ করে বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান ও কর ব্যবস্থার মাধ্যমে অর্থনীতিতে একটি নতুন মডেল প্রতিষ্ঠা করতে চাই।”
শনিবার (১৪ মার্চ) রাজবাড়ীর পাংশা উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে পাংশা উপজেলা পরিষদ অডিটোরিয়াম-এ এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. রাশেদ আল মাহমুদ তিতুমির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর-রশিদ, রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার এবং রাজবাড়ী জেলা পুলিশ সুপার (বিপিএম-সেবা) মোহাম্মদ মনজুর মোরশেদ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, আমরা জনগণের জন্য একটি সর্বজনীন অর্থনীতি গড়ে তুলতে চাই। বিশেষ করে বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান ও কর ব্যবস্থার মাধ্যমে অর্থনীতিতে একটি নতুন মডেল প্রতিষ্ঠা করতে চাই।
তিনি আরও বলেন, অর্থনীতিতে নতুন মডেল বাস্তবায়ন করতে হলে তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত এমন পরিকল্পনা নিতে হবে, যার মাধ্যমে বাংলাদেশের কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করা সম্ভব হবে।
বিশেষ অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, সরকারের সবকিছু আগের সরকারের মতো চলবে না, কারণ সরকার পরিবর্তন হয়েছে। তাই বর্তমান সরকারের কার্যক্রমেও পরিবর্তন আনতে হবে। কাজের পদ্ধতি, গতি ও দিকনির্দেশনা—সবকিছুতেই নতুন ধারা বা দৃষ্টিভঙ্গি আনতে হবে।
তিনি আরও বলেন, এসব পরিবর্তনের মাধ্যমে প্রধান অতিথির প্রত্যাশা ও লক্ষ্য পূরণ করা সম্ভব হবে।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত বক্তারা পাংশা উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের সেবার মান বৃদ্ধি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
এ সময় পাংশা উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন