| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুনিপুণ সাজের জন্য কসমেটিকস শপে ভিড় তরুণীদের

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৪, ২০২৬ ইং | ১৮:০৯:৫৪:অপরাহ্ন  |  ৫০২২৮৪ বার পঠিত
সুনিপুণ সাজের জন্য কসমেটিকস শপে ভিড় তরুণীদের

বেনাপোল প্রতিনিধি: একসময় ফেরিওয়ালারা বাসাবাড়ির পাশ দিয়ে হাঁকডাক দিতেন। তাদের কাছে থাকত আলতা, চুড়ি, ফিতা, স্নো, পাউডার, লিপস্টিক, নেইলপলিশসহ সাজসজ্জার নানা উপকরণ, যা কিশোরী ও তরুণীদের আকৃষ্ট করত। তাই এলাকায় ফেরিওয়ালার আগমন ঘটলেই কিশোরী ও তরুণীরা ছুটে গিয়ে তাদের থামিয়ে এসব পণ্য কিনতেন।

গ্রামীণ সমাজে আজও হয়তো সেই ফেরিওয়ালাদের দেখা মিললেও নগরজীবনে তাদের খুঁজে পাওয়া দুষ্কর। একসময় দৈনন্দিন প্রয়োজন বা উৎসব উপলক্ষে ফেরিওয়ালাদের কাছ থেকেই কেনাকাটা চলত। সময়ের পরিবর্তনে এখন সেই ফেরিওয়ালার আধুনিক রূপ হয়ে উঠেছে অনলাইন শপিং।

এছাড়া বিভিন্ন ধরনের মেলা ও মীনাবাজারের প্রচলনও বহু বছর ধরেই রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন ধরনের কসমেটিকস মার্কেট। ঈদের কেনাকাটায় এখন ভিড় জমছে শহরের বিপণিবিতান, অস্থায়ী বাজার ও পাড়া-মহল্লার কসমেটিকসের দোকানগুলোতে।

শেষ হতে চলেছে সিয়াম সাধনার মাস রমজান। ঈদের আর কয়েক দিন বাকি। তাই কেনাকাটার এই সময়ে যশোরের ঈদ বাজারে বিভিন্ন বয়সী নারী ও মেয়েরা ছুটছেন কসমেটিকস কিনতে। উৎসবের জমকালো সাজে পোশাক ও জুতার পাশাপাশি কসমেটিকসও সমান গুরুত্ব বহন করে। সুন্দর পোশাক-পরিচ্ছদ ও জুতার সঙ্গে কসমেটিকসের ব্যবহার সাজে বাড়তি মাত্রা যোগ করে। তাই নারী ও মেয়েরা উৎসব এলেই নিজেকে সাজাতে পোশাক ও জুতার পাশাপাশি কসমেটিকসের প্রতিও সমান গুরুত্ব দেন।

শহরের চুড়িপট্টি, সিটিপ্লাজা, জেস টাওয়ার, অস্থায়ী বাজার পুলিশ প্লাজাসহ বিভিন্ন বিপণিবিতানে শুরু হয়েছে কসমেটিকসের বেচাকেনা। তবে দেশি কিংবা বিদেশি কসমেটিকসের দাম বাড়তি হলেও ক্রেতাদের আগ্রহ কমেনি বলে জানিয়েছেন অনেকেই। অন্যদিকে বিক্রেতারা বলছেন, এবার বেচাকেনা তুলনামূলক কম।

কোথায় কেমন দাম:
চুড়িপট্টির বিভিন্ন দোকানে মেহেদি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকায়, পাঞ্চ ক্লিপ ৪০ থেকে ১০০ টাকা, লিপস্টিক ১০০ থেকে ৮০০ টাকা, নেইলপলিশ ৫০ থেকে ১৫০ টাকা, মেকআপ ফাউন্ডেশন ২০০ থেকে ৬৫০ টাকা। আংটি ১০০ থেকে ২০০ টাকা, ব্রেসলেট ১৫০ থেকে ২৫০ টাকা, চুড়ি ১০০ থেকে ২০০ টাকা, মেটালের চুড়ি সেট ২৫০ থেকে ৫০০ টাকা, পায়েল ১০০ থেকে ৩০০ টাকা এবং কানের দুল ২০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

জেস টাওয়ারে মেহেদি ২০ থেকে ২০০ টাকা, মেকআপ ফাউন্ডেশন ৩০০ থেকে ৯৫০ টাকা, আইশ্যাডো ২০ থেকে ৯০০ টাকা, কমপ্যাক্ট পাউডার ১৫০ থেকে ৮০০ টাকা, লিপস্টিক ১০০ থেকে ৫৫০ টাকা এবং নেইলপলিশ ৫০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ব্রেসলেট ৩৫০ থেকে ৫০০ টাকা, পায়েল ১৫০ থেকে ২০০ টাকা, পাঞ্চ ক্লিপ ৫০ থেকে ২৫০ টাকা, ইমিটেশনের আংটি ১৫০ থেকে ৩৫০ টাকা এবং কানের দুল ৫০ থেকে ৩০০ টাকায় পাওয়া যাচ্ছে।

সিটিপ্লাজায় মেহেদি পাওয়া যাচ্ছে ৩০ থেকে ৮০ টাকায়। মেকআপ বক্স ৭০০ থেকে দুই হাজার ৩০০ টাকা, লিপস্টিক ১৫০ থেকে ৫৫০ টাকা, নেইলপলিশ ৫০ থেকে ২০০ টাকা, ইমিটেশনের আংটি ৭০ থেকে ৬৫০ টাকা, পাঞ্চ ক্লিপ ও হেয়ারব্যান্ড ৫০ থেকে ২৫০ টাকা, কানের দুল ১২০ থেকে ৭০০ টাকা, চুড়ি সেট ১৫০ থেকে এক হাজার ৮০০ টাকা এবং নেকলেস সেট ৪০০ থেকে সাত হাজার টাকায় বিক্রি হচ্ছে।

যা বলছেন ক্রেতারা:
চুড়ামনকাটি এলাকার উর্মি আক্তার বলেন, “এবার দামটা একটু বেশি মনে হচ্ছে। বাজেটের মধ্যে মিললে অনেক কিছুই কিনব।” এয়ারপোর্ট এলাকার ফারিয়া জাহান বলেন, “দাম কিছুটা বেশি, এমনকি মেহেদির দামও বেড়েছে। তবুও ঈদের সাজগোজে কসমেটিকস খুব জরুরি।” আর.এন রোড নতুনবাজার এলাকার সুমনা সামাদ বলেন, “সাজগোজের জিনিসপত্র দেখলেই মন ভালো হয়ে যায়। সবই আছে, তবু নতুন কিছু কিনতে ইচ্ছে করে।” বেজপাড়া এলাকার আলেয়া আক্তার বলেন, “আমি সাজতে পছন্দ করি। তাই সারা বছরই কসমেটিকস দরকার হয়, আর ঈদ এলে তো কথাই নেই।”

যা বলছেন বিক্রেতারা:
চুড়িপট্টির কসমেটিকস প্লাসের বিক্রেতা আল আমিন বলেন, “এবার ব্যবসা কিছুটা মন্দা যাচ্ছে। ২০ রোজা পার হলেও এখনো বেচাকেনা তেমন জমেনি।” সাকিব স্টোরের বিক্রেতা সাব্বির হোসেন বলেন, “মেহেদির বিক্রি কিছুটা হচ্ছে, তবে অন্য আইটেম তেমন বিক্রি হচ্ছে না। আশা করছি সামনে বেচাকেনা বাড়বে।” জেস টাওয়ারের ফাল্গুনী পার্লার কালেকশনের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম বলেন, “দুই-তিন দিন হলো বেচাকেনা শুরু হয়েছে, তবে এখনো জমে ওঠেনি।”

সিটিপ্লাজার শুভেচ্ছা কসমেটিকসের বিক্রেতা নাজমুল হোসেন বলেন, “অন্য বছর ২০ রোজার পর থেকেই ভালো বেচাকেনা শুরু হয়। এবার এখনো টুকটাক বিক্রি হচ্ছে।” সিটিপ্লাজার স্টোন প্লাসের স্বত্বাধিকারী মোহাম্মদ শাহরিয়ার বলেন, “মধ্যপ্রাচ্যে যশোরের অনেক প্রবাসী থাকেন। তাদের অনেকেই এবার টাকা পাঠাতে পারেননি। সে কারণেই শুধু কসমেটিকস নয়, জামাকাপড়, জুতা-স্যান্ডেলসহ অন্যান্য পণ্যের বিক্রিও কম হচ্ছে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪