রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র রমজান মাস শেষের পথে, আর কয়েক দিনের মধ্যেই আসছে ঈদুল ফিতর। ঈদের আনন্দ ও উৎসবকে ঘিরে অনেকেই ত্বকের যত্নে বিশেষ মনোযোগ দিতে শুরু করেছেন। তবে ত্বকের ধরন না বুঝে অতিরিক্ত প্রসাধনী বা ভুল স্কিন কেয়ার ব্যবহারের ফলে কখনো কখনো ত্বকের ক্ষতিও হতে পারে।
গ্রীষ্মের এই সময়টায় রোদ ও গরমের কারণে ত্বক দ্রুত শুষ্ক হয়ে যেতে পারে। তাই ঈদের আগে ত্বক সতেজ ও উজ্জ্বল রাখতে নিয়মিত ত্বক পরিষ্কার রাখা, পর্যাপ্ত পানি পান করা, ময়েশ্চারাইজার ব্যবহার এবং সানস্ক্রিন লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ ত্বকের জন্য শুধু স্কিন কেয়ারই যথেষ্ট নয় পুষ্টিকর খাবার গ্রহণ, পর্যাপ্ত ঘুম এবং সচেতন জীবনযাপনও সমান জরুরি। ত্বকের ধরন অনুযায়ী যত্ন নেওয়া উচিত এবং সংবেদনশীল ত্বক হলে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।
ঈদের আগে ত্বক সুন্দর ও সতেজ রাখতে বিশেষজ্ঞদের দেওয়া ৭টি কার্যকর টিপস নিচে তুলে ধরা হলো:
১. পর্যাপ্ত পানি পান করুন
ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখতে দিনে অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি পান করা জরুরি। পাশাপাশি তরমুজ, শসা ইত্যাদি পানিসমৃদ্ধ খাবার খাদ্যতালিকায় রাখা ভালো।
২. এক্সফোলিয়েটিং স্ক্রাব ব্যবহার করুন
ডেড স্কিন সেল দূর করতে এবং ত্বকের পোর পরিষ্কার রাখতে নিয়মিত এক্সফোলিয়েটিং স্ক্রাব ব্যবহার করতে পারেন। এতে ত্বক মসৃণ ও উজ্জ্বল দেখাবে।
৩. রোদে পোড়া ত্বকের যত্ন নিন
রোদে ত্বক পুড়ে গেলে ত্বক বেশি সংবেদনশীল হয়ে পড়ে। এ সময় ঠান্ডা ফেস মাস্ক, অ্যালোভেরা জেল কিংবা গ্রিন টি, ক্যামোমাইল বা শসাযুক্ত সিরাম ও ময়েশ্চারাইজার ব্যবহার করা উপকারী।
৪. সানস্ক্রিন ব্যবহার করুন
ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ত্বককে ক্ষতিকর রোদ থেকে রক্ষা করে। বাইরে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করা উচিত।
৫. তীব্র রোদ এড়িয়ে চলুন
অতিরিক্ত গরম ও রোদ এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রয়োজনে হালকা ও শরীর ঢেকে রাখার মতো পোশাক ব্যবহার করুন।
৬. ফেশিয়াল বা কেমিক্যাল পিল
ঈদের ২–৩ দিন আগে ফেশিয়াল বা কেমিক্যাল পিল করালে ত্বক নতুন করে সতেজ হতে পারে এবং উজ্জ্বল দেখায়।
৭. হাইড্রেটিং ফেস মাস্ক ব্যবহার করুন
ঈদের আগের রাতে হাইড্রেটিং ফেস মাস্ক ব্যবহার করলে সকালে ত্বক সতেজ, কোমল ও উজ্জ্বল দেখাতে পারে।
রিপোর্টার্স২৪/ঝুম