স্টাফ রিপোর্টার: সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নতুন এক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। এ আবেদনের ফলে আপাতত তার কারামুক্তির প্রক্রিয়া স্থগিত হয়ে গেছে।
জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীএলাকায় মাদ্রাসাছাত্র মো. আরিফ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান।
শনিবার (১৪ মার্চ) ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে এ আবেদন করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক আগামী ৩০ মার্চ আসামির উপস্থিতিতে এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন।সিএমএম আদালতের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মহিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে দায়ের করা পাঁচটি মামলায় জামিন পান খায়রুল হক। এর মধ্যে ৮ মার্চ চারটি এবং ১১ মার্চ একটি মামলায় বাংলাদেশ হাইকোর্ট থেকে জামিন মঞ্জুর করা হয়।
এসব মামলার একটি জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যার অভিযোগে করা হয়েছিল। অন্য মামলাগুলো করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত রায়ে জালিয়াতির অভিযোগে।
মামলার অভিযোগে বলা হয়, ১৯ জুলাই সকাল ৯টার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজার সড়কে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে মাদ্রাসাছাত্র আরিফ নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট নিহতের বাবা মো. ইউসুফ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪৩ জনকে আসামি করে মামলা করেন।
এর আগে গত বছর ২৪ জুলাই সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা ওইদিন রাতে জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। পরে একই বছরের ২৯ জুলাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় দেওয়া ও জাল রায় তৈরির অভিযোগে ফতুল্লা থানা, নারায়ণগঞ্জে করা আরেক মামলায় তাকে ভার্চ্যুয়ালি গ্রেপ্তার দেখানো হয়।
রিপোর্টার্স২৪/এসসি