রিপোর্টার্স২৪ ডেস্ক: ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সরকার প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবে। এই কর্মসূচির আওতায় এমপি ও মন্ত্রীরা নিজ নিজ এলাকায় নদী, খাল-বিলসহ অপরিষ্কার এলাকা পরিস্কার করার তদারকি করবেন।
শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় বারনই নদীর খালে উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সাংবাদিকদের জানিয়েছেন, এই অভিযান চালানোর জন্য কোনো অনুষ্ঠান বা বেলুন উড়ানোর প্রয়োজন নেই।
মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের খাল খননের মাধ্যমে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার এই জনবান্ধব কর্মসূচি গ্রহণ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার নাঈমুল হাছানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগে নির্দেশ দিয়েছিলেন, বাসাবাড়ি ও আশপাশ পরিচ্ছন্ন রাখা জনগণের দায়িত্বও এবং সরকার সপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে।
রিপোর্টার্স২৪/ঝুম