রিপোর্টার্স২৪ ডেস্ক: অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির শীর্ষ ইসলামি সংগঠন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল জানিয়েছে, আগামী শুক্রবার, ২০ মার্চ অস্ট্রেলিয়ায় ঈদ উদযাপন হবে। এটি হবে ১৪৪৭ হিজরি সালের ১ শাওয়াল।
সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল, জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র এবং চাঁদ দেখার দায়িত্বে থাকা বিশেষায়িত বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলো তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছে।
চাঁদ দেখার ক্ষেত্রে কেবল অস্ট্রেলিয়ার পর্যবেক্ষণই নয়, বিশ্বের বিভিন্ন অঞ্চলের তথ্য, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর চাঁদ দেখার সম্ভাবনাও বিবেচনায় নেওয়া হয়েছে। ঘোষণার অনুযায়ী, অস্ট্রেলিয়ায় বৃহস্পতিবার, ১৯ মার্চ হবে রমজান মাসের শেষ দিন, এবং পরদিন দেশটির মুসলিমরা ঈদ উদযাপন করবেন।
কাউন্সিল আরও জানিয়েছে, রমজান মাসের শুরু ও শেষ নির্ধারণ, শাওয়াল মাসের সূচনা এবং ঈদের দিন ঠিক করতে তারা কিছু বৈজ্ঞানিক মানদণ্ড অনুসরণ করে। এর মধ্যে রয়েছে:
সূর্যাস্তের আগে নতুন চাঁদের আবির্ভাব,
সূর্যাস্তের পর চাঁদ আকাশে কতক্ষণ দৃশ্যমান থাকবে,
অস্ট্রেলিয়া ও আশপাশের অঞ্চলে চাঁদ দেখা সম্ভব কিনা।
কাউন্সিলের মতে, এই পদ্ধতি কেবল অস্ট্রেলিয়াতেই নয়, বিশ্বের অনেক স্বনামধন্য বৈজ্ঞানিক ও ইসলামি গবেষণা প্রতিষ্ঠান এবং ফিকহভিত্তিক সংগঠনও অনুসরণ করে। এর মাধ্যমে চাঁদ দেখার বিষয়ে সুসংগঠিত ও বৈজ্ঞানিক ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়।
সূত্র : খালিজ টাইমস
রিপোর্টার্স২৪/ঝুম