লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়নের আলাদাদপুর গ্রামে তাজ উদ্দিনের মৃত্যুর খবর এলাকায় শোকের ছায়া নেমেছে। শুক্রবার (১৩ মার্চ) রাতে তার স্ত্রী অনন্তি বেগম বিষয়টি নিশ্চিত করেন। মাত্র ছয় মাস আগে মালদ্বীপে পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য পাড়ি জমান তাজ উদ্দিন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোররাতে দিঘুরা আইল্যান্ডের একটি নির্মাণকাজের সাইটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তাজ উদ্দিনসহ পাঁচ বাংলাদেশি নিহত হন। এ ঘটনায় আরও দুইজন দগ্ধ হয়েছেন। নিহতদের মধ্যে অন্যরা হলেন মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার।
অনন্তি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, এখন আমরা কীভাবে চলব? চার মাসের মেয়েকে নিয়ে সংসারের দায়িত্ব কে নেবে? মৃতের বাবা আবুল কাশেমও জানান, পরিবারের অভাব দূর করতে ছেলেকে মালদ্বীপে পাঠিয়েছিলাম, আর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তার মৃত্যুতে সব স্বপ্ন ভেঙে গেছে। ঘরে চার মাসের শিশু কন্যা রেখে সে চলে গেল।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং নিহতের মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরিবারের দাবী, সরকারের মাধ্যমে দ্রুত মরদেহ দেশে আনা হোক।
রিপোর্টার্স২৪/বাবি