আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে প্রায় ১০০টি রকেট নিক্ষেপ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, রকেটগুলো ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে ছোড়া হয়েছে।
ইসরায়েলি সামরিক সূত্রের দাবি, লেবাননের বিভিন্ন স্থান থেকে এসব রকেট নিক্ষেপ করা হয়। রকেট হামলার পরপরই ইসরায়েলের বন্দর নগরী হাইফা, গালিলি অঞ্চল এবং গোলান উপত্যকাজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়।
হিজবুল্লাহর এই হামলাকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় আক্রমণ হিসেবে উল্লেখ করেছে ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে সংঘাতে জড়ানোর পর এটিই হিজবুল্লাহর সবচেয়ে বড় সমন্বিত রকেট হামলা বলে ধারণা করা হচ্ছে।
তবে হামলায় ঠিক কতটি রকেট ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হেনেছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক রকেট প্রতিহত করেছে বলেও দাবি করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হিজবুল্লাহর এ ধরনের বড় হামলা আঞ্চলিক সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। এতে ইসরায়েল-লেবানন সীমান্ত পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি