স্টাফ রিপোর্টার: দেশে জ্বালানি তেল সরবরাহে রেশনিং প্রয়োগের পর পেট্রোল পাম্পগুলোতে বিশৃঙ্খলা এবং দীর্ঘ সারির সৃষ্টি হওয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পাম্প মালিকরা।
বুধবার রাজধানীর সিদ্বেশ্বরী সার্কুলার রোডে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে বাংলাদেশ পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক বলেন, সরকার একদিকে পর্যাপ্ত তেলের মজুতের কথা বলছে, অন্যদিকে রেশনিং চালু করা হয়েছে। এতে মানুষের মধ্যে আতঙ্ক এবং পাম্পে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। দ্রুত পদক্ষেপ না নিলে পাম্প পরিচালনা বন্ধের মতো কঠোর সিদ্ধান্ত নিতে হবে।
মালিকরা জানিয়েছেন, বিভিন্ন এলাকায় তেল সরবরাহ কমে যাওয়ায় উত্তেজনা বাড়ছে। সম্প্রতি সুনামগঞ্জে এক কর্মচারী ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এছাড়া শহরের জেনারেটর ও গ্রামাঞ্চলের সেচ পাম্পের জন্য আলাদা নির্দেশনা না থাকায় পাম্পে অতিরিক্ত চাপ পড়ছে।
সংগঠনটি সরকারের কাছে আট দফা দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে:
প্রতিটি ফিলিং স্টেশনে পুলিশের ও সেনা সদস্য মোতায়েন।
মোটরসাইকেল চালকদের জন্য আলাদা তেল সরবরাহ বন্ধ।
বড় ও ছোট সব পাম্পে সমান তেল সরবরাহ।
বিপণন কোম্পানি ও ডিস্ট্রিবিউটরের মাধ্যমে সরবরাহ বৃদ্ধি।
মোবাইল কোর্টের মাধ্যমে সামাজিকভাবে হেয় করা বন্ধ।
অবৈধ মজুত ধরা পড়লে দৃষ্টান্তমূলক শাস্তি।
তেল ডিপোতে বহিরাগত প্রবেশ বন্ধ।
নাজমুল হক সতর্ক করেন, এসব দাবি বাস্তবায়ন না হলে পাম্প বন্ধের সিদ্ধান্ত নেয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই ক্ষেত্রে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় সরকারের উপরই বর্তাবে।
রিপোর্টার্স২৪/এসসি