| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদ বসছে কাল, স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত আজ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১১, ২০২৬ ইং | ১২:৩২:০৪:অপরাহ্ন  |  ৫৩১৪৩৩ বার পঠিত
সংসদ বসছে কাল, স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত আজ

রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ)। তার আগে বুধবার (১১ মার্চ) সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে, যেখানে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত হবে এই বৈঠক। সেখানে স্পিকার ও ডেপুটি স্পিকারের নির্বাচন এবং অধিবেশনের শুরুতে সভাপতিত্বের বিষয়টি নিয়ে আলোচনা হবে। বিএনপি সূত্রে জানা গেছে, আজ বুধবারের সংসদীয় দলের বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সংখ্যাগরিষ্ঠতার কারণে সাধারণত স্পিকার ও ডেপুটি স্পিকারের পদে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী নির্বাচিত হন। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। জামায়াতে ইসলামী এটি নেবে কি না, তা আজকের বৈঠকে নির্ধারিত হবে।

বিএনপি সূত্রে জানা গেছে, স্পিকার পদে দলের স্থায়ী কমিটির দুই সদস্য—আবদুল মঈন খান, হাফিজ উদ্দিন আহমদ এবং সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে হাফিজ উদ্দিন আহমদের ব্যাপারে বেশি আলোচনা হচ্ছে।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের দুই বছর পর ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি।

সংবিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করতে হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। সাধারণত প্রথম অধিবেশন দীর্ঘ হয় এবং এর সুনির্দিষ্ট সময়কাল জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারণ করা হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪