| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরায় গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১১, ২০২৬ ইং | ১০:৫৩:৩৪:পূর্বাহ্ন  |  ৫৩১৬১১ বার পঠিত
উত্তরায় গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর উত্তরায় এক গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গুলি চালিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় হেলমেট পরিহিত দুই দুর্বৃত্ত।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর সড়কের ২ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। চারতলা ওই বাড়িটির নাম ‘জান্নাত’। বাড়িটির মালিক আবুল কাশেম, যিনি একেএসবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।

স্থানীয় বাসিন্দারা জানান, একটি সাদা মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে বাড়িটির সামনে গুলি ছোড়ে। পরে তারা দ্রুত পাশের একটি গলি দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ আরও দুটি তাজা গুলি উদ্ধার করেছে।

এদিকে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, হেলমেট পরা দুই ব্যক্তি প্রথমে মোটরসাইকেলে করে এসে বাড়িটির আশপাশে কিছুক্ষণ অবস্থান নেয় এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তখন রাস্তায় মানুষের চলাচল বেশি থাকায় তারা সেখান থেকে চলে যায়। পরে এলাকায় লোকজনের চলাচল কমে গেলে আবার ফিরে এসে বাড়ির গেট লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামান বলেন, দুই ব্যক্তি ওই বাড়ির গেটে দুই রাউন্ড গুলি চালায়। এতে কেউ আহত হয়নি।

গুলির ঘটনার খবর ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন এবং বিভিন্ন আলামত জব্দ করেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪