রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি সংসদের নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের শেষ দিনের প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কর্মশালায় সংসদের সংবিধান, রুলস অব প্রসিডিউর, কাস্টমস, সংসদীয় রীতি ও বিশ্বের শক্তিশালী গণতান্ত্রিক দেশের সংসদীয় চর্চা নিয়ে আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী সংসদ অধিবেশনে দেশের মানুষ দেখতে পাবেন একটি সংসদ যা তারা আশা করেছিল। অতীতের নেতিবাচক প্রভাব ধীরে ধীরে মুছে ফেলার অঙ্গীকারও করেন তিনি।
নতুন সংসদ সদস্যদের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা নবাগত, তারা নতুন করে যাত্রা শুরু করবে, শিখবে ভালো। নতুন সাংসদদের মধ্যে খারাপ সংস্কৃতি না থাকলে তারা সঠিক শিক্ষা পাবেন। যেমন নবজাতক সতেজ পরিবেশে বেড়ে ওঠে, ঠিক তেমনই সংসদ সদস্যদেরও প্রস্তুত করা হচ্ছে।
দুদিনের প্রশিক্ষণ কর্মশালার আজ শেষ দিন। সকালের সেশনে অংশ নেন ঢাকা জেলা, ময়মনসিংহ ও ফরিদপুরের সংসদ সদস্যরা। বিকেলের সেশনে থাকবেন সিলেট, কুমিল্লা ও চট্টগ্রামের এমপি।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগে নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের সদস্যদের জন্য এই কর্মশালা আয়োজন করা হয়েছে। এতে অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা এমপিদের দায়িত্ব, সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনার কৌশল তুলে ধরছেন।
রিপোর্টার্স২৪/ঝুম