স্টাফ রিপোর্টার: বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তি তৈরি করতে দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর বাংলাদেশ সচিবালয়-এ বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণবিষয়ক কমিটির বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান সাংবাদিকদের জানান, বেকার যুবক-যুবতীদের বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এ জন্য দেশি ও বিদেশি প্রশিক্ষকদের সমন্বয়ে বিভিন্ন দেশে কর্মসংস্থানের উপযোগী ভাষা শেখাতে ভাষা শিক্ষা কেন্দ্র চালুর তাগিদ দেওয়া হয়েছে।
তিনি বলেন, সংশ্লিষ্ট দেশের ভাষায় দক্ষতা অর্জন করলে বিদেশে চাকরির সুযোগ বাড়বে এবং কর্মীদের কাজের ক্ষেত্রেও সুবিধা হবে। প্রবাসী কর্মীদের কল্যাণ নিশ্চিত করতেও বেশ কিছু নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বিদেশে যেতে যেন কাউকে নিজের জমি-জমা বা সম্পদ বিক্রি করতে না হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেন তিনি। এ জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা এবং ঋণ প্রাপ্তির প্রক্রিয়া সহজ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে দেশের বিমানবন্দরগুলোতে যাত্রীসেবার মান উন্নয়নের নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনালে উন্নত বিশ্বের আদলে ফ্রি ওয়াই-ফাই চালুর নির্দেশ দেন।
এ ছাড়া নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ঢাকা-১৭ আসনের একটি ক্ষতিগ্রস্ত মন্দির সংস্কারের উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে। নির্বাচনী প্রচারণার সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মহাখালী ক্যানসার হাসপাতালের কাছে অবস্থিত ওই মন্দিরের সংস্কারকাজ আগামী শনিবার সকাল ১১টায় শুরু হবে বলে জানানো হয়।
রিপোর্টার্স২৪/এসসি