রিপোর্টার্স২৪ ডেস্ক : ইসরায়েল বাহিনীর মুখপাত্র নাদাভ শোসানির দাবি, ক্ষেপণাস্ত্রের সঙ্গে ক্লাস্টার বোমা জুড়ে দিয়ে ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরান। ইচ্ছাকৃত ভাবেই এই বোমার ব্যবহার করা হচ্ছে বলেও দাবি তার। ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে হামলায় ‘ক্লাস্টার বোমা’ ব্যবহার করা হচ্ছে ইরানের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলল ইসরায়েল বাহিনী আইডিএফ।
বিভিন্ন সূত্রের দাবি, পশ্চিম এশিয়ার এই সামরিক সংঘাতে এই প্রথম ক্লাস্টার বোমার ব্যবহার করা হল। যদিও ইরান সেই দাবিকে খারিজ করেছে। ক্লাস্টার বোমা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। এই বোমা যাতে ব্যবহার না হয়, তা নিয়ে সরবও হয়েছিল আন্তর্জাতিক মহল। কিন্তু এ বার ইরানের বিরুদ্ধে সেই বোমা ব্যবহারের অভিযোগ তুলল ইসরায়েল।
ইসরায়েলের দাবি, ইরানকে এই অস্ত্র দিয়ে মদত জোগাচ্ছে চিন এবং রাশিয়া। যদিও চিন বা রাশিয়ার তরফে এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। আইডিএফ-এর আন্তর্জাতিক মুখপাত্র তথা লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোসানি অভিযোগ তুলেছেন, ক্ষেপণাস্ত্রের সঙ্গে ক্লাস্টার বোমা জুড়ে দিয়ে ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরান। এবং ইচ্ছাকৃত ভাবেই এই বোমার ব্যবহার করা হচ্ছে বলেও দাবি শোসানির।
তার আরও অভিযোগ, ক্লাস্টার বোমা ব্যবহার করে মূলত জনবসতি এলাকাগুলিকে নিশানা করা হচ্ছে। ফলে সাধারণ নাগরিকদের মৃত্যু হচ্ছে। তার কথায়, ‘সরাসরি নাগরিকদের উপর হামলা চালানো মানে যুদ্ধাপরাধ। আর সেটাই করছে ইরান। তবে আমরা আন্তর্জাতিক আইন মেনেই এই হামলার জবাব দেব।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
রিপোর্টার্স২৪ /এন এইচ